ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিায়া। তাকে অনেকেই টিম ইন্ডিয়ার ‘ফ্যাশন আইকন’ বলে ডেকে থাকেন। কারণ হার্দিক পান্ডিয়ার হেয়ার স্টাইল, ট্যাটু কিংবা হীরাখচিত কানের দুল নিয়ে কম চর্চা হয়নি। এবার চর্চায় ‘হৃদয়হরণী’ অভিনেত্রী মাহিকা শর্মা। তার জন্মদিনের ‘সানসেট ড্রেস’ ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে জোর চর্চা।
এর আগে ২০২৪ সালে সার্বিয়ান মডেল-অভিনেত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক পান্ডিয়া। সেসব এখন অতীত। তার জীবনে এখন নতুন বসন্ত। মাহিকা শর্মার সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি।
মাহিকা শর্মার পোশাকটি সুন্দর সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে তার দাম শুনে আঁতকে উঠছেন অনেকেই। জানা গেছে, ওই পোশাকের দাম নাকি হার্দিক পান্ডিয়ার টি২০ ম্যাচ ফির থেকেও বেশি। মাহিকার জন্মদিনের পোশাকটি কমলা, গোলাপি ও বেগুনি রঙের টাই অ্যান্ড ডাই করা। ঠিক যেন সূর্যাস্তের আকাশের মতো।
লন্ডনের এক পোশাক বিপণন সংস্থার ‘সানসেট ড্রেস’। নুডলস স্ট্র্যাপের ছোট ঝুলের পোশাকে মোহময়ী মাহিকা শর্মা। চুল খোলাই ছিল তার। গলায় হালকা হার। হালকা মেকআপ। হার্দিকের প্রেমিকার পোশাক নজর কেড়েছে সবার। এই পোশাকটির দাম ৩ লাখ ৫৫ হাজার ১৬১ টাকা। হার্দিক পান্ডিয়া একটি টি২০ ম্যাচ খেলে পান ৩ লাখেরও আশপাশে। সুতরাং সেই তুলনায় মাহিকার পোশাক অনেক বেশি দামি। পোশাকের দাম শুনেই যেন মাথা ঘুরছে সবার।
উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি ছিল প্রেমিকা মাহিকা শর্মার জন্মদিন। এমন বিশেষ দিনে ইনস্টাগ্রামে তার সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন হার্দিক পান্ডিয়া। সেদিনই জানিয়ে দেন তার জীবনের ‘রাজকন্যা’ মাহিকাই। সামাজিক মাধ্যমে হার্দিক পান্ডিয়ার এ পোস্ট মুহূর্তে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।
পোস্ট করা সেই ছবিতে দেখা যায়, সুইমিংপুলে ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করছেন তারা। সেখান থেকে দেখা যাচ্ছে বহুদূর বিস্তৃত সমুদ্র। নীল আকাশের শামিয়ানা ছুঁয়েছে জলরাশি। সেখানে আলিঙ্গনাবদ্ধ হার্দিক ও মাহিকা। পাশে শোভা পাচ্ছে শ্রীলংকার পতাকা। মনে করা হচ্ছে, দ্বীপরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। সেখানেই এ ছবি।
এখানেই শেষ নয়, তাদের সম্পর্কে যাতে নজর না লাগে, সেই জন্য ‘এভিল আই স্টিকার’-ও ব্যবহার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। এর আগে ভালোবাসার মানুষটিকে গোলাপের বাকেট উপহার দিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। আহ্লাদিত মাহিকা ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেন, যা মন ছুঁয়ে যায় নেটিজেনদেরও।


